মহালছড়ি সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

খাগড়াছড়ি জেলার মহালছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) মহালছড়ি জোনের আওতাধীন খাগড়াছড়ি সদরের কমলছড়ি এলাকার হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ির মহালছড়ি জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির-এর নির্দেশক্রমে আয়োজিত এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

চিকিৎসা ক্যাম্পে দুর্গম এলাকার প্রায় ৪০০ জনের অধিক মানুষ বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা গ্রহণ করেন। শিশু, নারী ও বয়স্কদের জন্য পৃথক চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি সাধারণ জ্বর, সর্দি-কাশি, চর্মরোগ, গ্যাস্ট্রিক, উচ্চ রক্তচাপসহ নানা রোগের চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন বোরহান উদ্দিন বায়েজীদ বলেন, “দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষ যাতে সহজে চিকিৎসা সেবা পায়, সেই লক্ষ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নিয়মিত এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের আরএমও ক্যাপ্টেন লাবনী জামান বলেন, “অনেক রোগী দীর্ঘদিন চিকিৎসার বাইরে ছিলেন। এই ক্যাম্পের মাধ্যমে তারা প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পাচ্ছেন, যা তাদের জন্য অত্যন্ত উপকারী।”

মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোয়াজ্জেম হোসেন চৌধুরী জানান, “পাহাড়ি এলাকার প্রত্যন্ত জনগোষ্ঠীর জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সেনাবাহিনী ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে আরও বেশি মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।”

চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দারাও সন্তোষ প্রকাশ করে বলেন, “আমাদের এলাকায় ভালো চিকিৎসার সুযোগ খুবই সীমিত। আজ এখানে এসে ডাক্তার দেখাতে পেরে আমরা অনেক উপকৃত হয়েছি, পাশাপাশি প্রয়োজনীয় ঔষধও পেয়েছি।”

এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি অঞ্চলে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করে চলেছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here