নীলফামারী প্রতিনিধি :
আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার নীলফামারী সদর উপজেলার বাইপাস মোড়ে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজীর ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযান চলাকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এতে ৬টি যানবাহনের বিরুদ্ধে মোট ৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় ৮টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। পাশাপাশি চালকদের এ ধরনের হর্ণ ব্যবহার থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও স্টিকার সংযোজন করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

