ময়মনসিংহে পর্যটন শিল্প ও শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের উন্নয়ন নিয়ে আলোচনা সভা

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহ জেলার পর্যটন শিল্পের বিকাশ, বিনোদন কেন্দ্রগুলোর আধুনিকায়ন এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের সার্বিক উন্নয়ন নিয়ে সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশি-বিদেশি পর্যটক আকৃষ্ট করা, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং জেলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ময়মনসিংহের প্রাকৃতিক সৌন্দর্য, ব্রহ্মপুত্র নদ, ঐতিহাসিক স্থাপনা এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতিবিজড়িত স্থানগুলো পরিকল্পিতভাবে সংরক্ষণ ও উন্নয়ন করা গেলে জেলার পর্যটন শিল্প নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি বলেন, পর্যটন শিল্প কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং জেলার ইতিবাচক ভাবমূর্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, সঠিক পরিকল্পনা, আধুনিক অবকাঠামো ও দীর্ঘমেয়াদি উন্নয়ন কর্মসূচির মাধ্যমে ময়মনসিংহের পর্যটন সম্ভাবনাকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করা সম্ভব। তিনি শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ককে আরও দৃষ্টিনন্দন, নিরাপদ ও পর্যটকবান্ধব করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি পার্কের সৌন্দর্যবর্ধন, নিরাপত্তা জোরদার, শিশুদের জন্য আধুনিক বিনোদন ব্যবস্থা, পর্যাপ্ত আলোকসজ্জা, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়াতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, পরিকল্পিত নগর উন্নয়নের পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর আধুনিকায়ন জেলার সামগ্রিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্র। এর সৌন্দর্য সংরক্ষণ, সবুজ পরিবেশ রক্ষা এবং নাগরিকদের জন্য আধুনিক ও স্বাস্থ্যকর বিনোদন পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে।

সভায় পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, বৃক্ষরোপণ, জলাধার রক্ষা এবং সবুজায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা জেলার পর্যটন শিল্পের বিকাশে নতুন পর্যটন আকর্ষণ সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, তথ্যসেবা কেন্দ্র স্থাপন, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন।

সভা শেষে অতিথিরা আশা প্রকাশ করেন, গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়িত হলে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক একটি আধুনিক, নান্দনিক ও পর্যটকবান্ধব বিনোদন কেন্দ্রে পরিণত হবে এবং ময়মনসিংহের পর্যটন শিল্প ও স্থানীয় অর্থনীতি নতুন গতি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here