চরভদ্রাসনে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের পিএর নামে শ্রমিকের মজুরি

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ৪ নম্বর গাজীরটেক ইউনিয়নের ভুবনেশ্বর খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের মাস্টার রোলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পিআইসি কমিটির সভাপতি ইয়াকুব আলীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. রওশন আলীর নাম শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত করে তার নামে পারিশ্রমিক উত্তোলনের অভিযোগ করেছেন স্থানীয়রা।

সোমবার প্রকল্পের মাস্টার রোল পর্যালোচনায় দেখা যায়, মো. রওশন আলীর নামে শ্রমিক হিসেবে তালিকাভুক্ত করে তার ব্যাংক হিসাবে ১৯ হাজার ৩৫০ টাকার চেক দেওয়া হয়েছে।

স্থানীয় কৃষক দলের নেতা শেখ কবির অভিযোগ করেন, রওশন আলীকে কখনো খাল খননের কাজে অংশ নিতে দেখা যায়নি। তিনি সবসময় চেয়ারম্যানের ব্যক্তিগত কাজেই ব্যস্ত থাকেন। এমন অবস্থায় শ্রমিক হিসেবে পারিশ্রমিক পাওয়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ এবং এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

অভিযোগের বিষয়ে রওশন আলী বলেন, তিনি নিয়মিত কাজ না করলেও মাঝে মাঝে প্রকল্প এলাকায় গিয়ে ঘুরে এসেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সাইট সুপারভাইজার শংকর কাপালি বলেন, রওশন আলী মাঝে মাঝে প্রকল্প এলাকায় এসেছেন। এ বিষয়ে তাকে নিয়ে কোনো ব্যবস্থা না নেওয়ার অনুরোধও জানান তিনি।

প্রকল্প কমিটির সভাপতি ও গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী দাবি করেন, রওশন আলী প্রকল্পের প্রাক-প্রস্তুতি (প্রি-ওয়ার্ক) এবং পরবর্তী কিছু কাজ করেছেন। এছাড়া প্রয়োজন অনুযায়ী মাঝে মাঝে প্রকল্প এলাকায় গিয়েছেন।

এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিনুল ইসলাম ফোন রিসিভ করেননি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা প্রকল্পের শ্রমিক তালিকা, মাস্টার রোল এবং পারিশ্রমিক বিতরণের বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অনিয়মের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here