ময়মনসিংহ প্রতিনিধি :
পরিচ্ছন্ন ও সবুজ ময়মনসিংহ গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ‘ক্লিন সানডে’ কর্মসূচির শুভসূচনা হয়েছে। “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” স্লোগানকে সামনে রেখে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি রবিবার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২৬ জুলাই) ময়মনসিংহ শহরের পাটগুদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটগুদাম উচ্চ বিদ্যালয় এবং উদয়ন মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ে একযোগে স্কুল পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। তিনি শিক্ষার্থী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নেন এবং নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে হলে নিজ নিজ অবস্থান থেকেই পরিচ্ছন্নতা চর্চা শুরু করতে হবে। বিদ্যালয়, বাড়ি কিংবা জনসমাগমস্থল—সব জায়গায় পরিচ্ছন্নতা বজায় রাখার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত হাত ধোয়া, নিরাপদ পানি পান এবং বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও আশপাশ পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেলা প্রশাসক জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি রবিবার এ কর্মসূচি নিয়মিতভাবে বাস্তবায়নের নির্দেশনা দেন। তাঁর মতে, এ উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার অভ্যাস গড়ে উঠবে।
পরিচ্ছন্নতা অভিযানের পর বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, শুধু পরিচ্ছন্নতা নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণও সমান গুরুত্বপূর্ণ। তিনি প্রতিটি শিক্ষার্থীকে বছরে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করে। তারা জানান, জেলা প্রশাসককে তাদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন এবং ভবিষ্যতেও নিয়মিত এ কার্যক্রমে অংশ নেবেন।
বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই “আসুন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি এবং রোগমুক্ত, সবুজ ও সুন্দর সমাজ গড়ে তুলি”—এই শপথ গ্রহণের মাধ্যমে কর্মসূচির প্রতি সমর্থন ও অঙ্গীকার ব্যক্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক

