মঠবাড়িয়া পৌরসভায় রহস্যজনক ‘উপ সহকারী (ভার)’ পদ সৃষ্টি করে কোটি টাকার প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

0
64
উপ সহকারী (ভার)’ পদ সৃষ্টি করে কোটি টাকার প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সেলিম মল্লিক / ছবি - সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :

 

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া পৌরসভায় ভয়াবহ অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এসব অনিয়ম নির্বিঘ্নে চালাতে পৌর কর্তৃপক্ষ ‘উপ সহকারী (ভার)’ নামে রহস্যজনক একটি পদ সৃষ্টি করে এবং ওই দায়িত্ব দেওয়া হয় পৌরসভার নকশাকার সেলিম মল্লিক নামের এক কর্মচারীকে।

খোঁজ নিয়ে জানা গেছে, কলেজের বারান্দায় পা না রাখলেও সেলিম মল্লিককে উপ সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি ওই পদে স্বাক্ষরও করেন। কৌশলে কাগজপত্রে পদটির নাম লেখা হয় ‘উপ সহকারী (ভার)’, যা প্রকৃতপক্ষে শুভঙ্করের ফাঁকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অভিযোগ রয়েছে, দুর্নীতির বরপুত্র হিসেবে পরিচিত সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঊর্মি ভৌমিক মঠবাড়িয়া পৌরসভার প্রশাসক থাকাকালীন প্রায় ৩ কোটি টাকার দুটি প্রকল্পের জামানত ফেরতের বিলে স্বাক্ষর করেন। এর মধ্যে সোলার স্ট্রিট লাইট প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ছিল ১ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা এবং জামানত ফেরতের পরিমাণ ৮ লাখ ৭৫ হাজার ৯২০ টাকা। অপরদিকে ওয়েস্ট বিন স্থাপন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ছিল ১ কোটি ৪ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা ৭৪ পয়সা এবং জামানত ফেরতের পরিমাণ ৪ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জানা গেছে, প্রকল্প দুটির ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল মেসার্স সাইফ পাওয়ারটেক লিমিটেড, ৭২, মহাখালী, ঢাকা। অভিযোগ অনুযায়ী, কাজ সঠিকভাবে সম্পন্ন না করলেও জামানত ফেরতের বিলে উল্লেখ করা হয়—স্ট্রিট লাইট ও ওয়েস্ট বিন শতভাগ সচল এবং কাজের মান সন্তোষজনক। প্রশাসক থাকার সুযোগে ইউএনও ঊর্মি ভৌমিক ভুয়া প্রকৌশলী বানিয়ে সেলিম মল্লিকের মাধ্যমে লাখ লাখ টাকার বিল তৈরি করে সুবিধা ভোগ করেন বলে অভিযোগ উঠেছে।

দুর্নীতির অভিযোগে ইউএনও ঊর্মি ভৌমিক মঠবাড়িয়া থেকে বদলি হলেও ভুয়া প্রকৌশলী হিসেবে পরিচিত সেলিম মল্লিক এখনো পৌরসভায় বহাল তবিয়তে রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার সামান্য কর্মচারী হয়েও সেলিম মল্লিকের রাজধানীসহ বিভাগীয় শহর, জেলা শহর ও বিভিন্ন পৌর এলাকায় জমি ও বাড়ি রয়েছে।

মঠবাড়িয়া পৌরসভার অনিয়ম ও দুর্নীতি নিয়ে বিভিন্ন সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হলেও আজ পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here