কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাদকবিরোধী সমাবেশ শেষে হামলার ঘটনায় মো. গোলজার হোসেন (৪৬) নামে একজন আহত হয়েছেন। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের সরকারপাড়া মাদরাসা মোড় এলাকায় এলাকাবাসী ও সুধীসমাজের উদ্যোগে একটি মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামানের নেতৃত্বে শতাধিক মানুষ এতে অংশ নিয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান।
অভিযোগে বলা হয়, কর্মসূচি শেষে ফেরার পথে এলাকার কথিত মাদক কারবারি মো. নাছির উদ্দিন (৫২) ও তার তিন ছেলে—মো. রমজান আলী (৩২), মো. হযরত আলী (২৮) এবং মো. কফিল উদ্দিন (২০) লাঠিসোঁটা নিয়ে সমাবেশে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালান। এতে মো. গোলজার হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঘটনার পর শুক্রবার রাতেই আহত গোলজার হোসেন চারজনের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রত্যক্ষদর্শী মো. আমিনুর রহমান, মো. আলম মিয়া, মো. মাসুদ রানা ও মো. আলতাফ হোসেন দাবি করেন, অভিযুক্ত পরিবারটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান বলেন, “মাদকবিরোধী সমাবেশ শেষে ফেরার পথে আমার সামনেই হামলার ঘটনাটি ঘটে। এটি অত্যন্ত দুঃখজনক। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই বাংলা/এমএস
টপিক

