ভূরুঙ্গামারীতে বাসে আগুন, পরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগে যাত্রীরা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বাসে আগুন দেওয়ার ঘটনার পর সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে আন্ধারীঝাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ঢাকাগামী একটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় কুড়িগ্রাম ও উত্তর ধরলা বাস মালিক সমিতি ভূরুঙ্গামারী রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে।

এ ঘটনায় বাসের মালিক পক্ষ মঙ্গলবার রাতে ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করেছেন।

বাস চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। অনেককে ৪০ কিলোমিটার দূরে কুড়িগ্রাম জেলা সদরে গিয়ে বাসে উঠতে হচ্ছে। এতে অতিরিক্ত সময় ও খরচ দুটোই বেড়ে গেছে বলে অভিযোগ যাত্রীদের।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

যাত্রী মো. মাহাদী ইমাম, মো. মাহজুবাহ হক ও মো. আলেফ উদ্দিন জানান, টিকিট কেটে রাখলেও ভূরুঙ্গামারী থেকে বাস না ছাড়ায় বাধ্য হয়ে কুড়িগ্রাম গিয়ে যাত্রা করতে হচ্ছে। মালপত্রসহ এই অতিরিক্ত যাত্রা তাদের জন্য বড় ভোগান্তি তৈরি করছে।

কুড়িগ্রাম বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কফিল উদ্দিন বলেন, বাস ও শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস চালু করা সম্ভব নয় বলে তিনি জানান। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ জানান, বাস চলাচল স্বাভাবিক করতে মালিক সমিতির সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

বর্তমানে পরিবহন বন্ধ থাকায় ভূরুঙ্গামারী ও আশপাশের এলাকার সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তির মধ্যে পড়েছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here