পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুতরোধে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে প্রশাসন। পৃথক দুটি অভিযানে মোট ২,৩২০ লিটার ডিজেল জব্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গত ৩১ মার্চ দিবাগত রাত ১:৪৫ মিনিটে উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি ফকিরবাড়ী মোড় এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। সেখানে ‘তানভীর এন্টারপ্রাইজ’ নামক একটি গুদাম থেকে ৯৫০ লিটার অবৈধ মজুতকৃত ডিজেল জব্দ করা হয়। লাইসেন্স ব্যতিরেকে পেট্রোলিয়াম মজুদের অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক হাওলাদারকে ‘পেট্রোলিয়াম আইন, ২০১৬’-এর ২০(১) ধারা মোতাবেক ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।
জব্দকৃত ডিজেল সরকারি মূল্যে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে বিতরণের শর্তে উপজেলা প্যাক পয়েন্ট ডিলার মেসার্স বায়েজিদ এন্টারপ্রাইজ ও মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজের নিকট বিক্রয় করা হয়। বিক্রয়লব্ধ ৯১,৫৭০.৫০ টাকা বৃহস্পতিবার সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এদিকে আজ ১ এপ্রিল ২০২৬, বুধবার বিকেল ৪:৩০ মিনিটে ভিটাবাড়ীয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাঞ্ছারাম খাল এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে জনৈক সিদ্দিক মির-এর কাছ থেকে ১,৩৭০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। লাইসেন্স ছাড়া জ্বালানি তেল মজুদের দায়ে তাকে একই আইনের আওতায় ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত এই বিপুল পরিমাণ ডিজেল স্থানীয় ডিলার মেসার্স বায়েজিদ এন্টারপ্রাইজের নিকট বিক্রয় করা হয়েছে। এই বিক্রয়লব্ধ ১,৩২,০৫৪.৩০ টাকা আগামীকাল বৃহস্পতিবার ব্যাংকিং সময়ে সরকারি চালানের মাধ্যমে কোষাগারে জমা দেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে জ্বালানি তেলের এ ধরনের অবৈধ মজুতবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

