ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে পৃথক অভিযানে প্রায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২

0
233
ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামালসহ গ্রেফতার ২ জন / ছবি : এই বাংলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :


ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর পৃথক অভিযানে প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে দুইজনকে আটক করেছে বিজিবি। ২২ ও ২৩ নভেম্বর পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ৯৪ লাখ ৫৯ হাজার ৭৬০ টাকার পণ্য উদ্ধার করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিজিবি জানায়, রবিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলীনগর এলাকায় ধর্মঘর বিওপির টহল দল অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় সীমান্ত দিক থেকে কার্টুন হাতে কয়েকজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করলে তাদের ধাওয়া করে বিজিবি সদস্যরা।

অভিযানের এক পর্যায়ে চোরাচালানকারীরা পালিয়ে গেলে ফেলে যাওয়া কার্টুনগুলো থেকে ২৩২টি মোবাইল ফোন, ৩১টি ডিসপ্লে এবং ১৯টি ব্যাক কভার জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৭১ লাখ ৯২ হাজার টাকা।

এর আগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় চালানো আরেক অভিযানে ৬৬১ কেজি ভারতীয় নতুন আলু ও ৫টি উন্নতমানের কম্বল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মূল্য ১ লাখ ৩৯ হাজার ৩২০ টাকা।

এছাড়া ২২ নভেম্বর বিকেলে বিজয়নগর থানার চান্দুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৫ হাজার ২৩৭ কেজি ভারতীয় নতুন আলু ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। এসময় দুইজনকে গ্রেফতার করা হয়। আটকরা হলেন সিলেটের গোয়াইনঘাটের মো. মারুফ আহমেদ (১৯) এবং গাজীপুর জেলার মো. জীবন হক (২৪)। তাদেরকে জব্দকৃত পণ্যসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। সদর দপ্তরের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবেই এসব পণ্য জব্দ করা হয়েছে।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here