বেসরকারি খাতকে উৎসাহ না দিলে খেলাধুলার উন্নয়ন সম্ভব নয়: আসিফ আকবর

0
175
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :


বেসরকারি খাতকে উৎসাহিত না করে কোনো খেলার উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। মঙ্গলবার (১৯ নভেম্বর) উত্তরবঙ্গের খেলার মাঠগুলোর মানোন্নয়ন ও ব্যবহারযোগ্যতা যাচাইয়ে তিন দিনের পরিদর্শনের অংশ হিসেবে নীলফামারী জেলা স্টেডিয়াম ও মিনি স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি বলেন, যারা অ্যাকাডেমির সুবিধা পাচ্ছে না, তারাই স্বেচ্ছাসেবীভাবে খেলাধুলায় নিয়োজিত। আমরা চাই কোয়ালিফাইং রাউন্ড চালু হোক, নতুন দল যুক্ত হোক, নতুন সংগঠক ও বিনিয়োগকারীর জন্ম হোক। ৪৭ সালের পরের ক্লাবগুলোর ওপর নির্ভর করে উন্নয়ন সম্ভব না—বেসরকারি খাতকে অবশ্যই উৎসাহ দিতে হবে।

আসিফ আকবর আরও বলেন, নীলফামারী স্টেডিয়ামকে সঠিকভাবে ব্যবহার করা গেলে এখানকার খেলাধুলার বড় উন্নয়ন ঘটবে। এখানে কোনো ফুটবল টুর্নামেন্ট, ঢাকার কোনো লীগ বা জাতীয় কোনো খেলা না হওয়ায় মাঠটি অব্যবহৃত পড়ে আছে। এনএসসি ও ডিএফএ যৌথভাবে ক্যালেন্ডার তৈরি করে মাঠ ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে।

একই মাঠে ফুটবল ও ক্রিকেট আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, স্থায়ী উইকেট থাকলে ফুটবল খেলায় উইকেট ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এজন্য সিনথেটিক টার্ফ বসানো হলে দু’টি খেলা একসঙ্গে পরিচালনা করা সম্ভব হবে। নীলফামারী ভেন্যুতে জাতীয় লিগ বা বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের যথেষ্ট সুবিধা রয়েছে বলেও তিনি জানান।

তদন্তাধীন নারী ক্রিকেটার যৌন হয়রানি ঘটনার বিষয়ে তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যেই জমা দেওয়া সম্ভব হবে।

৬৪ জেলার পুরোনো অ্যাফিলিয়েট দলগুলোর কার্যত নিষ্ক্রিয়তার বিষয়েও কথা বলেন তিনি। দীর্ঘদিন কোয়ালিফাইং রাউন্ড না হওয়ায় নতুন খেলোয়াড় ও সংগঠক তৈরি ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

শেষে স্থানীয় খুদে ক্রিকেটার ও খেলাধুলা সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার আশ্বাস দেন। এসময় বিসিবি পরিচালক হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রসহ অনেকে উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here