নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্কে রূপপুর পারমাণবিক প্রকল্পের ২ বিদেশি নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানি করে ভিডিও ধারন করার অভিযোগে আমিনুল ইসলাম (৩০) ও রাসেল ইসলাম (২৫) নামে দুই টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আমিনুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের এবং রাসেল ইসলাম তানোর উপজেলার আড়া দিঘী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ ব্যানারে শুক্রবার (৮ মে) গ্রিন ভ্যালি পার্কের স্পট ভাড়া নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে টিকটকাররা। বিভিন্ন এলাকার শতাধিক নারী ও পুরুষ কনটেন্ট ক্রিয়েটর ঐ মিলন মেলায় অংশগ্রহণ করেন।
এদিন পার্কে আসা রূপপুর পারমাণবিক প্রকল্পের ২ বিদেশি নাগরিককে বিকেল তিনটার দিকে মেলায় অংশ নেওয়া ১০ থেকে ১২ জন যুবক নানা অশ্লীল ভাষা ব্যবহার করে বিব্রতকর অবস্থায় ফেলেন। পরে ভিডিওটি আমিনুল ইসলাম তার সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) পেজে পোস্ট করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বিদেশি নাগরিককে হয়রানী করায় গ্রিন ভ্যালি পার্ক কর্তৃপক্ষ মামলা করে। এরপর পুলিশ দুই টিকটকারকে গ্রেপ্তার করে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় তথাকথিত একজন কনটেন্ট ক্রিয়েটর দুই বিদেশি পর্যটককে ঘিরে অশোভন আচরণ করছেন। ওই তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরকে বলতে শোনা যায়, ‘তুমি পর্ণ স্টার, তুমি মিয়া খলিফার স্বামী না’ এমন মন্তব্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বিদেশি নাগরিকরা। যা ফেসবুক ছড়িয়ে পড়লে চলে সমালোচনার ঝড়।
এ বিষয়ে ফেসবুক ব্যবহারকারীরা বলছেন, বিদেশি নাগরিকদের সঙ্গে এমন আচরণ দেশের পর্যটন খাত ও আন্তর্জাতিক মহলে ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। দেশের পর্যটন স্থানগুলোতে ভাটা পড়তে পারে বিদেশি পর্যটকদের। অশোভন আচরণকারীদের আইনের আওতায় আনারও জোর দাবি জানান নেটিজেনরা।
এই বাংলা/এমএস
টপিক

