কুড়িগ্রাম প্রতিনিধি :
বাল্যবিবাহ নিবন্ধনের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় কুড়িগ্রাম সদর উপজেলার ৮ নম্বর পাঁচগাছী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মো. হোসাইন আহম্মেদের লাইসেন্স বাতিল করেছে সরকার।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ মঙ্গলবার (৭ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ অক্টোবর মো. হোসাইন আহম্মেদ মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর বিধি ২৩ক লঙ্ঘন করে মোছা. পারভীন খাতুনের একটি বাল্যবিবাহ নিবন্ধন করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বিষয়টি একই বিধিমালার বিধি ১১ অনুযায়ী গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচিত হয়।
পরবর্তীতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার জবাব সন্তোষজনক না হওয়ায় তার নামে ইস্যুকৃত নিকাহ রেজিস্ট্রার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট নিকাহ নিবন্ধন এলাকা শূন্য ঘোষণা করা হয়েছে। সেখানে সর্বোচ্চ ১২০ দিনের জন্য পার্শ্ববর্তী কোনো অধিক্ষেত্রের নিকাহ রেজিস্ট্রারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া সাবেক নিকাহ রেজিস্ট্রারের কাছ থেকে বালাম বহিসহ নিকাহ নিবন্ধন-সংক্রান্ত সব নথিপত্র বুঝে নিতে কুড়িগ্রামের জেলা রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য জেলা রেজিস্ট্রার, কুড়িগ্রাম এবং সদর সাব-রেজিস্ট্রারকে নির্দেশনা দিয়েছে আইন ও বিচার বিভাগ।

