গাজীপুর প্রতিনিধি :
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) “কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের আইসিটি অ্যান্ড ই-লার্নিং সেন্টারের আইভিসিআর-১ কক্ষে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম-এর নির্দেশনায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণে প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাউবির ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের প্রতিদ্বন্দ্বী নয়, বরং কর্মক্ষেত্রে দক্ষতা, স্বচ্ছতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির একটি শক্তিশালী সহায়ক।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, প্রশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা ও শিক্ষাক্ষেত্রে এআই ব্যবহার সিদ্ধান্ত গ্রহণকে তথ্যভিত্তিক ও কার্যকর করছে। রুটিন কাজ স্বয়ংক্রিয় হওয়ায় কর্মীরা সৃজনশীল ও কৌশলগত কাজে বেশি সময় দিতে পারছেন। তবে চাকরি, তথ্যের গোপনীয়তা ও নৈতিকতার বিষয়ে সতর্ক থাকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা ও প্রশাসনে সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণে নির্ভুলতা বাড়াচ্ছে।” তিনি তথ্য নিরাপত্তা ও নৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীল ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাউবির আইসিটি ইউনিটের প্রধান ও আইসিটি কনসালটেন্ট মোঃ মুমিনুল ইসলাম। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচিতি, কর্মক্ষেত্রে বাস্তব প্রয়োগ, অফিস অটোমেশনে চিঠি, নোট ও রিপোর্ট ড্রাফটিং, পরীক্ষা সংক্রান্ত ডাটা বিশ্লেষণ ও অটোমেশন, নৈতিকতা, তথ্য নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল উপস্থাপনায় অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশিদ। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল ও বিভাগের মোট ৩৬ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
এই বাংলা/এমএস
টপিক

