বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সৌদি আরব প্রবাসী সমাজসেবক আব্দুল কাদের। তাঁর নিজস্ব অর্থায়নে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫০টি বন্যাকবলিত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল বিভিন্ন ধরনের প্রয়োজনীয় শুকনা খাদ্যপণ্য। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হলে স্থানীয়রা প্রবাসী আব্দুল কাদেরের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
আব্দুল কাদের বলেন, “প্রবাসে থাকলেও জন্মভূমির মানুষের কষ্ট আমাকে সবসময় নাড়া দেয়। তাই নিজের সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। মানবিক এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি জানান, খুব শিগগিরই বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের আরও ৫০টি বন্যাকবলিত পরিবারের মাঝেও শুকনা খাবার বিতরণ করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র ও কর্মহীন অনেক পরিবারকে তিনি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তাও প্রদান করে আসছেন। স্থানীয় সূত্র জানায়, চিকিৎসা, খাদ্য ও অন্যান্য জরুরি প্রয়োজন মেটাতে তাঁর এই সহায়তা অনেক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্থানীয়রা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে অনেক প্রবাসী নীরব থাকলেও আব্দুল কাদের মানবিক দায়িত্ববোধ থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর এই উদ্যোগ অন্য প্রবাসীদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।
মানবসেবাই সবচেয়ে বড় ইবাদত—এই বিশ্বাস থেকে ভবিষ্যতেও এলাকার অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন সৌদি আরব প্রবাসী সমাজসেবক আব্দুল কাদের।
টপিক

