বর্ণিল শোভাযাত্রা, আনন্দ-উচ্ছ্বাসে কুড়িগ্রামে বাংলা নববর্ষ ১৪৩৩ পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি :

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। জেলায় আনন্দঘন পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জেলার সর্বস্তরের মানুষ নববর্ষকে বরণ করে নেয়।

পহেলা বৈশাখ উপলক্ষে সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণিল শোভাযাত্রা বের হয়। রঙিন ব্যানার-ফেস্টুনে সজ্জিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ‘আই লাভ কুড়িগ্রাম’ চত্বরে গিয়ে শেষ হয়। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেন।

শোভাযাত্রা শেষে ‘আই লাভ কুড়িগ্রাম’ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

অন্নপূর্ণা দেবনাথ বলেন, বাংলা নববর্ষ আমাদের অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এ উৎসব আমাদের ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি বলেন, ‘নতুন বছরের অঙ্গীকার হোক, সব বিভেদ দূর করে একটি মানবিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা।’

সভায় বক্তারা বাংলা নববর্ষের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। উৎসবমুখর এ আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামের মানুষ নতুন বছরকে স্বাগত জানায়।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার মোঃ ফজলে রাব্বি, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জামায়াতের জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, পিপি এডভোকেট মোঃ বজলুর রশিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here