সিনিয়র স্টাফ রিপোর্টার :
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে ময়মনসিংহ জুড়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল বৈশাখী শোভাযাত্রা ও দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক-এর বৈশাখী মঞ্চ-২ পর্যন্ত এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। রঙিন মুখোশ, ভাস্কর্য, লোকজ মোটিফ ও ব্যানার-ফেস্টুনে সজ্জিত শোভাযাত্রাটি নগরীর রাজপথকে উৎসবমুখর করে তোলে।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহসহ প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বিভিন্ন ধর্ম-বর্ণ ও বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি এক মিলনমেলায় পরিণত হয়। শান্তির প্রতীক পায়রা এবং বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা উপাদান এতে স্থান পায়।
শোভাযাত্রা শেষে বৈশাখী মঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান।
বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী বলেন, বিভিন্ন জাতিগোষ্ঠীর এই দেশে বিভেদ ভুলে পালাগান, যাত্রাগান, বৈশাখী মেলা ও হালখাতার মতো ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে যেতে হবে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ‘এসো হে বৈশাখ’ পরিবেশনা, লাঠিখেলা ও হা-ডু-ডু প্রতিযোগিতাসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে ময়মনসিংহে বরণ করা হয় বাংলা নববর্ষ ১৪৩৩।
এই বাংলা/এমএস
টপিক

