বরিশালে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস: বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সরব তৎপরতা

0
216
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন / প্রতিকী ছবি

বরিশাল প্রতিনিধি :


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বরিশালের রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। জেলার ছয়টি আসনেই বিএনপি, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর প্রার্থীদের প্রচার ও গণসংযোগ এখন দৃশ্যমান। এতে প্রতিটি আসনেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবার বরিশালে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও ইসলামপন্থী দলগুলোর মধ্যে।

বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে বড় জনসভা করে প্রচার শুরু করেন।
জামায়াতের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম, ইসলামী আন্দোলনের রাসেল সরদার মেহেদী নিয়মিত গণসংযোগ চালাচ্ছেন। জহির উদ্দিন বলেন, “তরুণ ভোটাররা এবার পরিবর্তনের প্রত্যাশায় উন্মুখ। নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হলে বিএনপি জয়ী হবে।”

বরিশাল–২ (উজিরপুর–বানারীপাড়া) এই আসনে তৃতীয়বারের মতো বিএনপি থেকে লড়ছেন এস সরফুদ্দিন আহমেদ (সান্টু)।
জামায়াতের আবদুল মান্নান ও ইসলামী আন্দোলনের মাওলানা নেছার উদ্দীনও প্রচারে সরব।
এদিকে সাবেক এমপি গোলাম ফারুক অভির সম্ভাব্য প্রার্থিতার খবরেও এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) এ আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন বেগম সেলিমা রহমান, জয়নুল আবেদীন ও মনিরুজ্জামান আসাদ।
জামায়াতের জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং ইসলামী আন্দোলনের মাওলানা সিরাজুল ইসলাম প্রচারণায় বেশ এগিয়ে আছেন।
জামায়াত নেতা বাবর বলেন, “বরিশালের মাঠে জামায়াত এখন শক্ত অবস্থানে। তরুণ সমাজের আগ্রহ আমাদের প্রতি বাড়ছে।”

বরিশাল–৪ (হিজলা–মেহেন্দীগঞ্জ) বিএনপির প্রার্থী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান।
জামায়াতের মাওলানা আবদুর জব্বার এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের (চরমোনাই পীরের ছোট ভাই) — তিনজনই সভা-সমাবেশ, দরিদ্র সহায়তা ও সামাজিক কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।

বরিশাল–৫ (সদর–সিটি করপোরেশন) বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারবারের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার।
তার প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের মুফতি মুহাম্মদ ফয়জুল করীম (চরমোনাই পীরের ছেলে) এবং জামায়াতের মুয়াযযম হোসাইন।
মজিবর রহমান বলেন, “বরিশাল বিএনপির ঐতিহ্যবাহী দুর্গ। জনগণ পরিবর্তন চায়।”
অন্যদিকে ফয়জুল করীম বলেন, “মানুষ ইসলামি রাজনীতির প্রতি আগ্রহী হচ্ছে। তরুণ সমাজ শান্তিপূর্ণ পরিবর্তন চায়।”

বরিশাল–৬ (বাকেরগঞ্জ) বিএনপির প্রার্থী আবুল হোসেন খান।
ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, জামায়াতের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী।
এছাড়া জাতীয় পার্টির নেতা এ. বি. এম. রুহুল আমিন হাওলাদারও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

নতুন সমীকরণে বরিশালের রাজনীতি: বরিশালের ছয়টি আসনেই বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের সক্রিয় তৎপরতায় তৈরি হয়েছে নতুন সমীকরণ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার ইসলামপন্থী দলগুলোর ভোটব্যাংকই হবে নির্ণায়ক ফ্যাক্টর।
ভোটারদের অনেকেই মনে করছেন, বরিশাল এবার প্রত্যক্ষ করবে জাতীয়তাবাদী ও ইসলামপন্থী দুই ধারার রাজনীতির সরাসরি প্রতিযোগিতা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here