বরিশালে ছয় দিন ধরে নিখোঁজ কলেজছাত্রী পূজা দাস, পরিবারে উৎকণ্ঠা

0
222
কলেজে যাওয়ার পথে নিখোঁজ পূজা / ছবি - সংগৃহীত

বরিশাল প্রতিনিধি :

বরিশালের আগৈলঝাড়া উপজেলার কলেজছাত্রী পূজা দাস (২১) নিখোঁজ হয়েছেন ছয় দিন ধরে। কলেজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। রহস্যজনক এই নিখোঁজ ঘটনায় পরিবারের মধ্যে উদ্বেগ–উৎকণ্ঠা বাড়ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পূজা আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা এলাকার নারায়ণ চন্দ্র দাসের মেয়ে এবং বরিশাল সরকারি মহিলা কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী। তিনি এলাকার পরিচিত মিষ্টি ব্যবসায়ী কার্তিক দাসের নাতনি।

পরিবার জানায়, গত ৯ নভেম্বর সকাল ৭টা ১০ মিনিটে কলেজের উদ্দেশে বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ পূজা। সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও কোনো তথ্য না পেয়ে তাঁর ভাই রিমন দাস থানায় সাধারণ ডায়েরি করেন।

তদন্ত কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম জানান, অনুসন্ধান শুরুর কিছুক্ষণ পর একটি অচেনা নম্বর থেকে তাঁর হোয়াটসঅ্যাপে বার্তা আসে—  “আমাকে খুঁইজেন না, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আছি এবং ভালো আছি।”
পরে নম্বরটি বন্ধ পাওয়া যায়। বার্তাটি সত্যিই পূজার কিনা তা নিয়ে তদন্ত চলছে।

থানার ওসি অলিউল ইসলাম বলেন, অপহরণের কোনো প্রমাণ মেলেনি। পরিবারও গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারছে না। বার্তা পাঠানো নম্বরটি বন্ধ থাকায় ট্র্যাকিং জটিল হয়ে উঠছে। তবুও বিশেষ কৌশলে অনুসন্ধান চলছে। তিনি নিশ্চিতভাবে দাবি করেন—তরুণী নিরাপদেই আছেন এবং খুব শিগগিরই তাঁকে উদ্ধার করা সম্ভব হবে।

এদিকে পূজার নিখোঁজের ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ বিরাজ করছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here