নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত একটি ইজিবাইকের চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর রাজাপুর সরকারের ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইজিবাইকচালক রান্টু মিয়া (২৮), তিনি গোপালপুর গড়মাটি গ্রামের তফেজউদ্দিন ঝড়ুর ছেলে এবং যাত্রী তলৈক্ষ্য হালদার (৬০), তিনি পারগোপালপুর গ্রামের মৃত কৃপা হালদারের ছেলে।
আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, চারজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকটি রাজাপুর থেকে গড়মাটি বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে সরকারের ঢালান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক রান্টু মিয়া নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাত্রী তলৈক্ষ্য হালদারের মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
টপিক

