বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। চলতি খরিপ-১ মৌসুমে পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,বকশীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৪০০ জন নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে এক কেজি উন্নত মানের পাট বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার প্রদান করা হয়।
বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম। এছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তা রকিবুল হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং সুবিধাভোগী কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের জন্য আশীর্বাদস্বরূপ। এতে একদিকে যেমন উৎপাদন খরচ কমবে, অন্যদিকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট চাষে আগ্রহ বাড়বে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন,সরকারের এ ধরনের সহায়তা পাট উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকরা উৎসাহিত হয়ে অধিক জমিতে পাট চাষে এগিয়ে আসবেন বলে আমরা আশাবাদী।
তিনি আরও জানান,এ কর্মসূচির মাধ্যমে স্থানীয়ভাবে পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি তা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে, যা দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
এই বাংলা/এমএস
টপিক

