বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সূর্যনগর পূর্বপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোপন মিয়া (৪২) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ধান মাড়াইয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোপন মিয়া ওই এলাকার হযরত আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে ধান উড়ানোর কাজ করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল বলেন, ধান উড়ানোর কাজে ব্যবহৃত বৈদ্যুতিক ফ্যান থেকেই এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই বাংলা/এমএস
টপিক

