বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিসমিল্লাহ ফাউন্ডেশন কেসিজিপিএস-৯৩’।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে জব্বারগঞ্জ বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ২১টি পরিবারের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম মিষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন। সাধারণ সম্পাদক এ এন জোবাইর আহমেদ নোমানের সঞ্চালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কনিকা খাতুন বলেন, নিজেদের উপার্জিত আয়ের একটি অংশ দিয়ে প্রত্যন্ত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কাজ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। সমাজসেবা কার্যালয় ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রমে সহযোগিতা করবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক জব্বারগঞ্জ শাখার কর্মকর্তা আকবর আলী এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী মো. হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দুদু এবং গঠনমূলক বক্তব্য দেন শিক্ষা সম্পাদক সোলাইমান আজাদ।
এছাড়া অনুষ্ঠানে সংগঠনের সহ-কোষাধ্যক্ষ জজ মিয়া সরকার, সহ-প্রচার সম্পাদক শাহজাহান মিয়া, সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম বরকত ও নির্বাহী সদস্য রাসেল সরকারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠন সূত্রে জানা যায়, সদস্যরা নিজেদের চাকরি ও ব্যবসা থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ ব্যয় করে নিয়মিতভাবে এই সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এই বাংলা/এমএস
টপিক

