বকশীগঞ্জে ডিবির অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ২

বকশীগঞ্জ প্রতিনিধি :

 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের সোবহান তালুকদারের ছেলে তাবিবুর রহমান তালুকদার (২৬) এবং পলাশতলা গ্রামের মোখলেস তালুকদারের ছেলে রিদুয়ান বারী তালুকদার (৩০)।

রোববার (২১ জুন) দুপুরে জামালপুর জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২০ জুন) বিকেলে জামালপুর-বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাখিমারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। এ সময় বিদেশি মদ বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯০ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতে পাঠানো হয়েছে।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকা ব্যবহার করে যারা অবৈধভাবে মাদক ও নিষিদ্ধ পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here