ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলায় বিষপানের পর এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দরখাতা (ঠাকুরের স্কুলপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা সুভাষচন্দ্রের স্ত্রী জ্যোৎস্না রানী (৫০) পারিবারিক কারণে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। পরিবারের সদস্যদের দাবি, স্বামীর সঙ্গে অভিমান করে তিনি বিষপান করেন।
বিষপানের বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আইনগত কার্যক্রম শুরু করে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, মৃত জ্যোৎস্না রানীর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ এবং একাধিকবার স্ট্রোক করেছেন। এ ঘটনার পর পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করার আগে ময়নাতদন্ত ও পুলিশের তদন্ত প্রতিবেদনের অপেক্ষা করতে হবে।

