বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ওষুধ ভেবে ভুলবশত কীটনাশক পান করে শাহ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলী ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শাহ আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এবং তাঁর দৃষ্টিশক্তিও দুর্বল ছিল। নিয়মিত সেবনের জন্য ঘরে বিভিন্ন ধরনের ওষুধ রাখা ছিল। ঘটনার সময় তিনি ওষুধের বোতল ভেবে ভুল করে কীটনাশকের বোতল থেকে পান করেন। তখন বাড়িতে অন্য কেউ উপস্থিত ছিলেন না।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কিছুক্ষণ পর তাঁর স্ত্রী বাড়িতে ফিরে শাহ আলীকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তাঁর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা উজ্জ্বল মিয়া জানান, পরিবারের কারও সঙ্গে শাহ আলীর কোনো বিরোধ ছিল না। বার্ধক্য ও চোখে কম দেখার কারণে ভুলবশত কীটনাশক পান করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে তাঁদের ধারণা।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here