নীলফামারী আদালতে এসিতে শর্টসার্কিট, কর্মচারীদের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেল

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারকের খাসকামরায় থাকা একটি এসিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও আদালতের কর্মচারীদের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের অগ্নিকাণ্ড এড়ানো গেছে।

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জেলা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা যায়, বিচারকের খাসকামরার এসি থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হতে দেখে বেঞ্চ অফিসার (পেশকার) মো. বদিউজ্জামান এবং অফিস সহকারী মো. জুয়েল রানা দ্রুত মেইন সুইচ বন্ধ করে দেন। এতে আগুন আর ছড়িয়ে পড়তে পারেনি।

ঘটনার পর আদালত এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বিচারিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আসাদুজ্জামান খান (রিনো) জানান, দীর্ঘদিন বন্ধ থাকা পুরোনো এসি চালুর পর ভোল্টেজের তারতম্য বা বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ ঘটনা ঘটতে পারে।

সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মামুন-উর-রশিদ বলেন, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আদালতের কর্মচারীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

এদিকে, সরেজমিনে আদালতের এজলাসের বাইরে ঝুলানো অগ্নিনির্বাপক যন্ত্রটি অকার্যকর অবস্থায় দেখা গেছে। আদালতের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা সরঞ্জাম অকেজো থাকায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বৈদ্যুতিক নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা দ্রুত জোরদারের দাবি জানিয়েছেন।

রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here