ফেনীর মহিপালে চলন্ত বাসে অগ্নিসংযোগ, নাশকতার আশঙ্কা তদন্তে পুলিশ

0
164

ফেনী প্রতিনিধি :


ফেনীর মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে মহিপাল পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসের ভেতরের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্র জানায়, মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ পাশে পল্লী বিদ্যুৎ অফিসের নিকটে ফেনী–চট্টগ্রামগামী রনি-রানা পরিবহনের একটি বাস সড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। রাত ৯টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আশপাশের লোকজন চিৎকার শুনে ঘটনাস্থলে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হোসেন বলেন, “প্রতিদিন চালকরা সন্ধ্যায় গাড়িগুলো রেখে বাড়ি চলে যান। হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখি বাসে আগুন লেগেছে। পরে সবাই মিলে আগুন নেভাই।”

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই, তবে স্থানীয়রা এর আগেই আগুন নিভিয়ে ফেলে। আগুনে বাসের সামনের অংশ পুড়ে গেছে। ঘটনাটি নাশকতা হতে পারে।”

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অগ্নিসংযোগটি নাশকতার অংশ কিনা তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here