চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন থানা এলাকার এম.কে ডাঙ্গী গ্রামে গরিব ও অসহায় গর্ভবতী মায়েদের হাসপাতাল পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে গাড়ি সেবা চালু করেছেন ফরিদপুর–৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুফতি রায়হান জামিল। স্থানীয় সুবিধার্থে এই উদ্যোগের ঘোষণা এমকে ডাঙ্গী মাদ্রাসা ও ম্যাজিস্ট্রেট বাড়ি মসজিদের দেওয়ালে দেওয়া হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঘোষণায় বলা হয়েছে, ডেলিভারি বা জরুরি অবস্থায় হাসপাতালে যেতে অসুবিধায় পড়া গর্ভবতী মায়েদের জন্য ২৪ ঘণ্টা বিনামূল্যে গাড়ি প্রদান করা হবে। আপাতত একটি গাড়ি দিয়ে সেবা শুরু হয়েছে। জরুরি যোগাযোগের জন্য চালকের মোবাইল নম্বর ০১৭৩২–৭৮৪০২৫ দেওয়া হয়েছে। প্রয়োজনে চরভদ্রাসন উপজেলা হাসপাতালের পাশাপাশি ফরিদপুর সদর হাসপাতালে রোগী পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকবে।
মুফতি রায়হান জামিল বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। বর্তমান সময়ের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এ উদ্যোগের মাধ্যমে গরিবদের কিছুটা সহায়তা করতে চাই। ভবিষ্যতে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের প্রতিটি গ্রামে এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সামর্থ্য থাকা পর্যন্ত কার্যক্রম চালু থাকবে।”
স্থানীয় রেফায়েদুল ইসলাম সাজু জানান, গ্রামীণ এলাকায় পরিবহন সংকটের কারণে অনেক সময় গর্ভবতী নারীরা ঝুঁকিতে পড়েন। তাই এই ধরনের বিনামূল্যের গাড়ি সেবা তাদের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করবে। যদিও এখনো কেউ সেবা গ্রহণ করেনি, তবে স্থানীয়রা আগ্রহ প্রকাশ করেছেন এবং মানবিক উদ্যোগটি স্বাগত জানিয়েছেন।
এর আগে মুফতি রায়হান জামিল বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে আলোচনায় এসেছেন। ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ, ৩০ নভেম্বর ১ টাকায় গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজিতে চাল বিতরণ করেছেন। এছাড়া ৮ নভেম্বর নির্বাচনী গেট ও ব্যানার ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু মিছিল এবং দরিদ্রদের ঘরে খাবার পৌঁছে দেওয়ার মতো কার্যক্রমেও অংশ নিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক

