পিরোজপুর প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজপথের লড়াকু সৈনিক অধ্যক্ষ আলমগীর হোসেন।
তার এই মনোনয়ন দাখিলের খবরে নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের মাঝে নতুন করে প্রাণচাঞ্চল্য এবং উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অধ্যক্ষ আলমগীর হোসেন কেবল একজন রাজনীতিবিদই নন, বরং শহীদ জিয়ার আদর্শে বলীয়ান একজন দেশপ্রেমিক ব্যক্তিত্ব হিসেবে এলাকায় পরিচিত।
গত ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূলতা, অসংখ্য মামলা ও হামলা সহ্য করেও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। দলের দুঃসময়ে তার এই অকুতোভয় ভূমিকা তাকে তৃণমূলের প্রিয়পাত্রে পরিণত করেছে।
এলাকার সাধারণ মানুষের মতে, অধ্যক্ষ আলমগীর হোসেন একজন ‘ইসলামিক মাইন্ডেড’ ও আলেম প্রিয় মানুষ। আলেম-ওলামা, শিক্ষক সমাজ এবং সাধারণ মেহনতি মানুষের প্রতি তার বিনয় ও শ্রদ্ধা সাধারণ ভোটারদের মুগ্ধ করেছে। বিপদে-আপদে সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং কর্মীদের বিপদে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা তাকে পিরোজপুরের রাজনীতির এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
মনোনয়নপত্র দাখিলের পর নির্বাচনী এলাকার মোড়ে মোড়ে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। ভোটারদের প্রত্যাশা, অধ্যক্ষ আলমগীর হোসেন সংসদ সদস্য নির্বাচিত হলে সাধারণ মানুষের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
স্থানীয়রা মনে করছেন, তার মতো একজন নীতিবান ও পরোপকারী নেতা নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের দুঃখ-দুর্দশা লাঘব হবে।
স্থানীয় এক কর্মী জানান, অধ্যক্ষ আলমগীর হোসেন আমাদের দুঃসময়ের কাণ্ডারি। আমরা তাকে কেবল নেতা হিসেবে নয়, একজন বড় ভাই এবং অভিভাবক হিসেবে পাই। ধানের শীষ প্রতীক নিয়ে তার নির্বাচনে আসা পিরোজপুর-১ আসনের জন্য একটি সুসংবাদ।
নির্বাচন নিয়ে অধ্যক্ষ আলমগীর হোসেন তার প্রতিক্রিয়ায় জানান, তিনি পিরোজপুরের মানুষের সেবা করতে চান এবং হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সাধারণ জনগণকে সাথে নিয়ে এগিয়ে যেতে চান।
এই বাংলা/এমএস
টপিক

