পিরোজপুর প্রতিনিধি :
“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” প্রতিপাদ্যকে সামনে রেখে সুজন–সুশাসনের জন্য নাগরিকের পিরোজপুর জেলা কমিটি একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা সুজনের সভাপতি মুনিরুজ্জামান নাসিম। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সুজনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম শেখ।
বৈঠকে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজনের সাবেক সভাপতি সেখ সাইদুর রহমান, অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল এবং বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ। সদর উপজেলা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সচেতন নাগরিকরা আলোচনা সভায় অংশ নেন।
বক্তারা আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলকভাবে আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, নির্বাচন কমিশনকে পূর্ণ সহযোগিতা করা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা জরুরি।
এছাড়া বক্তারা দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং আইনি সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও শক্তিশালী করার দাবি জানান। তারা সাধারণ নাগরিক হিসেবে নির্দলীয় অংশগ্রহণ সহজ করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
আলোচনায় আরও অংশ নেন ড. আব্দুল্লাহ হিল মাহমুদ, খালেদা আক্তার হেনা, মাইনুল আহসান মুন্না, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী, অনুপ কুমার সিকদার, জহিরুল হক টিটুসহ অন্যান্যরা।
এই বাংলা/এমএস
টপিক

