পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে ইউনিয়ন ছাত্রদল। প্রতিকূল আবহাওয়া ও শ্রমিক সংকটের মুখে থাকা কৃষকদের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিতে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন তারা।
বুধবার (১৩ মে) সকাল থেকে কদমতলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ধান কাটা কর্মসূচি পালন করেন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং মাঠে পানি জমে যাওয়ায় পাকা ধান দ্রুত ঘরে তোলা নিয়ে চরম বিপাকে পড়েন স্থানীয় কৃষকরা। একদিকে বৈরী আবহাওয়া, অন্যদিকে তীব্র শ্রমিক সংকটের কারণে অনেক কৃষকের ফসল মাঠে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। এমন মানবিক সংকটে কৃষকদের মুখে হাসি ফোটাতে কাস্তে হাতে মাঠে নামেন ছাত্রদলের নেতাকর্মীরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ কর্মসূচিতে অংশ নেন কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ এবং সাধারণ সম্পাদক নাজিম আহমেদ খান। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দিনব্যাপী এই ধান কাটা ও মাড়াই কাজে সহযোগিতা করেন।
অসহায় কৃষকরা জানান, বিপদের সময় ছাত্রদলের এই নিঃস্বার্থ সহযোগিতা তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে। নেতাকর্মীদের এই মানবিক উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন।
এলাকাবাসীও ছাত্রদলের এই সামাজিক ও জনকল্যাণমূলক কাজের প্রশংসা করে বলেন, রাজনীতির মূল লক্ষ্যই হওয়া উচিত জনগণের সেবা করা। ছাত্রদলের এমন উদ্যোগ তরুণ প্রজন্মের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
ছাত্রদল নেতারা জানান, সংগঠনের কেন্দ্রীয় নির্দেশে এবং মানবিক দায়বদ্ধতা থেকে তারা কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। আগামীতেও জনস্বার্থে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

