পাবনা প্রতিনিধি :
পাবনার সুজানগর উপজেলার ভবানীপুর পূর্বপাড়ায় অবস্থিত ভবানীপুর জামিয়াতুল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় সম্প্রতি পবিত্র কুরআনের হাফেজ হওয়া শিক্ষার্থীদের সম্মাননা ও উৎসাহ প্রদানের লক্ষ্যে কুরআন মাজিদ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে নবীন হাফেজদের হাতে নতুন কুরআন মাজিদ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কুরআনের হাফেজ হওয়ার এ অর্জনে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়।
মাদ্রাসার শিক্ষক মাওলানা জুবায়ের বলেন, “কুরআনের হাফেজ হওয়া শুধু একটি অর্জন নয়, এটি মহান আল্লাহর বিশেষ নেয়ামত। যারা কুরআনকে নিজেদের হৃদয়ে ধারণ করেছে, তারা সমাজ ও জাতির জন্য গর্বের বিষয়। আমরা আশা করি, শিক্ষার্থীরা কুরআনের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করবে এবং অন্যদেরও সে পথে চলতে উদ্বুদ্ধ করবে।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, “শুধু কুরআন মুখস্থ করাই নয়, বরং এর শিক্ষা ও আদর্শ অনুযায়ী জীবন গড়ে তুলে মানবকল্যাণে কাজ করাই একজন হাফেজের প্রকৃত দায়িত্ব।”
অনুষ্ঠানে সহযোগিতা করে পাবনা ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সংগঠনের পক্ষ থেকে পরিচালক আল আমিন হোসেন, সদস্য মো. রাকিবুল ও মো. আসাদুল উপস্থিত থেকে নবীন হাফেজদের শুভেচ্ছা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ চর্চায় আরও উৎসাহিত করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।

