স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম জিনারাই গ্রামে নিজ অর্থায়নে খাল খনন ও ড্রেন নির্মাণের উদ্যোগ নিয়েছেন চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহার আলী।
দীর্ঘদিনের জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনে নেওয়া এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন। স্থানীয়দের মতে, কাজটি সম্পন্ন হলে বর্ষা মৌসুমে বছরের পর বছর ধরে চলা পানিবন্দি অবস্থার অবসান ঘটবে।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় এলাকাটিতে একটি সরকারি খাল ছিল, যা সময়ের সাথে ভরাট হয়ে যায়। এতে বর্ষাকালে কৃষিজমি ও বসতবাড়িতে পানি জমে কয়েকশ’ মানুষ নিয়মিতভাবে দুর্ভোগে পড়তেন।
এই পরিস্থিতি মোকাবিলায় চেয়ারম্যান মো. আতাহার আলী সামছুদ্দিনের বাড়ি থেকে কালিকুমারের বাড়ি পর্যন্ত খাল পুনঃখনন ও ড্রেন নির্মাণের কাজ শুরু করেন, যা বর্তমানে চলমান রয়েছে।
স্থানীয় বাসিন্দা কাজল মিয়া বলেন, “বছরের পর বছর আমরা জলাবদ্ধতায় ভুগেছি। এখন চেয়ারম্যানের উদ্যোগে কাজ শুরু হওয়ায় আমরা আশাবাদী।”
আরেক বাসিন্দা ফরিদ মিয়া বলেন, “তিনি দ্রুত ব্যবস্থা নিয়েছেন, এতে গ্রামবাসী অনেক উপকৃত হবে।”
চেয়ারম্যান মো. আতাহার আলী জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করতেই তিনি নিজ উদ্যোগে এই প্রকল্প হাতে নিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে চলাচলের সুবিধার্থে রাস্তা নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পটি সম্পন্ন হলে পশ্চিম জিনারাই এলাকায় জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে আসবে এবং কৃষি ও জীবনযাত্রায় স্বস্তি ফিরবে।

