পদ্মা নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদে অভিযান: আড়াআড়ি বাঁধ, বেশাল অপসারণ

0
234
পদ্মা নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদে অভিযান: ৬টি আড়াআড়ি বাঁধ–২টি বেশাল অপসারণ, জব্দ চায়না দুয়ারি ও মাছ / ছবি - এই বাংলা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :


ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে অবৈধভাবে নির্মিত ৬টি আড়াআড়ি বাঁধ ও ২টি বেশাল উচ্ছেদসহ ১০টি চায়না দুয়ারি এবং ১০ কেজি মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযানটি পরিচালিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা মৎস্য দপ্তর জানায়, স্থানীয় একটি মহল দীর্ঘদিন ধরে পদ্মা নদীতে আড়াআড়ি বাঁধ নির্মাণ করে অবৈধভাবে মাছ শিকার করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। সহযোগিতায় ছিল চরভদ্রাসন থানার একটি চৌকস পুলিশ টিম ও উপজেলা মৎস্য অফিসের সব কর্মচারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি ও আওয়ামী লীগের দুটি প্রভাবশালী মহলসহ কয়েকটি জেলে গোষ্ঠী যৌথভাবে এসব বাঁধ স্থাপন করে দীর্ঘদিন ধরে অবৈধ মাছ শিকার করছিল। এতে নদীর প্রাকৃতিক মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযানে পদ্মা নদী থেকে ৬টি আড়াআড়ি বাঁধ এবং ২টি বেশাল অপসারণ করা হয়। অপসারিত বাঁধগুলোর মধ্যে একটি ছিল প্রায় ১ কিলোমিটার প্রস্থ এবং বাকি ৫টি ছিল ৫০০ মিটার করে—মোট ৩.৫ কিলোমিটার। এছাড়া ১০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জব্দ করা হয়। পরে অপসারিত জাল ও দুয়ারিগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ১০ কেজি মাছ বাদল্লা ডাঙ্গী মাদ্রাসায় বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, “মাছের প্রাকৃতিক প্রজনন ও অবাধ চলাচল রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। নদী রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here