
নীলফামারী প্রতিনিধি :
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য প্রভাষকদের (৩২তম থেকে ৩৭তম ব্যাচ) সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির সরকারি প্রজ্ঞাপন (জিও) জারির দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নীলফামারী প্রেসক্লাবের সামনে “বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ”-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার চারটি সরকারি কলেজের প্রভাষকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা আহ্বায়ক ও নীলফামারী সরকারি কলেজের প্রভাষক ফরহাদ উল ইসলাম, সদস্য সচিব ও নীলফামারী সরকারি মহিলা কলেজের প্রভাষক আশরাফ উজ জামান এবং কোষাধ্যক্ষ ফয়জুল কবির।
পরে এক সংবাদ সম্মেলনে প্রভাষকরা চার দফা দাবি তুলে ধরেন—
১. অনতিবিলম্বে পদোন্নতির সভা সম্পন্ন করা,
২. ১২ নভেম্বরের মধ্যে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতিবঞ্চিত প্রভাষকদের ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারি করা,
৩. পদোন্নতি নিশ্চিত করতে দ্রুত সুপারনিউমারী পদ সৃষ্টি করা,
৪. পদোন্নতির জটিলতার স্থায়ী সমাধানের জন্য পদ-আপগ্রেডেশন বাস্তবায়ন।
আহ্বায়ক ফরহাদ উল ইসলাম বলেন, “গত ৩০ অক্টোবর মাউশিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির মাধ্যমে ২ নভেম্বরের মধ্যে জিও জারির আহ্বান জানানো হয়েছিল, কিন্তু এখনো তা কার্যকর হয়নি। দ্রুত পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
শিক্ষা ক্যাডারের প্রভাষকরা বলেন, দীর্ঘদিন পদোন্নতি ঝুলে থাকায় শিক্ষক সমাজে হতাশা ও কর্মঅসন্তোষ বাড়ছে, যা শিক্ষার মানের ওপরও প্রভাব ফেলছে।
