নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের দিবারাত্রি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাত ১২টার দিকে রামপুর ইউনিয়নের বাঞ্চারাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম।
আহতদের মধ্যে মুছাপুর ইউনিয়নের – আরাফাত (২৫), আশ্রাফ (১৮), সিয়াম (২১), ইমন (২০), সাকিব (২০), মুন্না (১৮), রাহাত (১৮), আরমান (২৩), সোহাগ (৩০), নুরউদ্দিন (৩৩)। রামপুর ইউনিয়নের – জিহাদ (২৬), নভেল (২১), শাওন (২২), রাশেদ (২৫) প্রমুখ।
স্থানীয় বাঞ্চারাম স্পোর্টস সোসাইটির আয়োজনে বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক স্মরণে দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট চলছিল।
পাশের মুছাপুর ইউনিয়নের মদিনা বাজার উদীয়মান তরুণ সংঘ টুর্নামেন্টে অংশ নেয়।
খেলার শুরুতেই রেফারি রাশেদের সিদ্ধান্ত নিয়ে মুছাপুর দলের সমর্থকরা আপত্তি তোলেন। এক পর্যায়ে মাঠে একটি থ্রো–ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দর্শক সারি থেকে একজন সমর্থক মাঠে নেমে প্রতিবাদ করলে রেফারি রাশেদ তাকে চড় মারেন—এর পরপরই দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে ২ জনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৪ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় দুই ইউনিয়নের মানুষই পাল্টাপাল্টি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করেই এ সংঘর্ষ হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক

