নীলফামারীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

নীলফামারী প্রতিনিধি :

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে নীলফামারী জেলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। এতে জেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা অংশ নিয়ে তুলে ধরছেন প্রযুক্তিনির্ভর ও সৃজনশীল নানা উদ্ভাবন।

সোমবার (২৭ এপ্রিল) সকালে নীলফামারী সরকারি কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার ছয় উপজেলা থেকে আগত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উদ্বোধনের পর জেলা প্রশাসক বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের গবেষণাধর্মী চিন্তা, পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃষি উন্নয়ন, রোবোটিক্স, নবায়নযোগ্য জ্বালানি ও ডিজিটাল সেবাভিত্তিক প্রকল্পগুলোর প্রশংসা করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এর আগে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী মোর্শেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ একেএম সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, উপাধ্যক্ষ গোলাম মোস্তফা এবং সহকারী জেলা শিক্ষা অফিসার ওয়াদুদ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমএসডিএফ’র চেয়ারম্যান মারুফ খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজনটি করা হয়েছে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী কাজের মাধ্যমে আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

দুই দিনব্যাপী এ আয়োজনে বিজ্ঞান মেলা, কুইজ প্রতিযোগিতা, সেমিনার, উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী এবং শ্রেষ্ঠ স্টল নির্বাচনসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here