নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীতে তিনদিনব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি সেবা মেলা-২০২৬’ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম।
ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষে ভূমি সেবা মেলা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, লিজ মানি পরিশোধ, ই-পর্চা গ্রহণসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে। এছাড়া গণশুনানি, সেমিনার, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতারও আয়োজন থাকবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম বলেন, ভূমি সেবা সপ্তাহের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, সেবার সহজলভ্যতা নিশ্চিত, স্বচ্ছতা ও রাজস্ব আদায় বৃদ্ধি এবং বিভিন্ন অভিযোগ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ১৯ মে সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের ভূমি সেবা সপ্তাহ আয়োজন করা হচ্ছে। ভূমি সেবাকে আরও কার্যকর ও সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে সরকার যুগোপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারবে।
এই বাংলা/এমএস
টপিক

