নীলফামারীতে প্রস্তাবিত বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের স্থান পরিদর্শনে চীনা বিশেষজ্ঞ দল

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীতে এক হাজার শয্যার ‘বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছে চীন সরকারের পাঁচ সদস্যের একটি কারিগরি বিশেষজ্ঞ দল।

শনিবার (৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির পরিচালক ড. ডং লি’র নেতৃত্বে প্রতিনিধি দলটি জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মিলস সংলগ্ন প্রস্তাবিত এলাকা পরিদর্শন করে। এ সময় তারা পুরো এলাকা ঘুরে দেখে এবং প্রকল্প বাস্তবায়নে পানি, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেয়।

পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ফাতিমা-তুজ-জোহোরা এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা বিভাগের পরিচালক ডা. আফরিন মাহমুদ চীনা প্রতিনিধিদলকে সার্বিক সহযোগিতা করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়া উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাকিউজ্জামান।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ফাতিমা-তুজ-জোহোরা জানান, চীনা কারিগরি বিশেষজ্ঞ দলটি প্রাথমিক সমীক্ষা শেষে তাদের সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করবে। পরে আরও একটি প্রতিনিধিদল পরিদর্শনে আসবে। হাসপাতাল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের সময় চীন সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলেও জানান তিনি।

স্থান পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করে এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here