নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুই কুখ্যাত মোটরসাইকেল চোর ও এক কুখ্যাত ভ্যানচোরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের দিকনির্দেশনা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলামের তত্ত্বাবধান এবং সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল বৃহস্পতিবার (২৫ জুন) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে রাত ৯টা ১০ মিনিটে সদর উপজেলার সোনারায় সংলগ্ন স্কুল অ্যান্ড কলেজ মাঠ এলাকা থেকে মোটরসাইকেল চোর মো. সুজন ইসলাম (২৫)কে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৬ জুন) রাত ১২টা ৩০ মিনিটে কালিতলা বাস টার্মিনাল এলাকা থেকে আরেক কুখ্যাত মোটরসাইকেল চোর আব্দুল আজিজ (৩৮)কে আটক করা হয়।
পরে আব্দুল আজিজের স্বীকারোক্তি ও দেখানো স্থান থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলের মধ্যে দুটি টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি এবং একটি বাজাজ পালসার ১৫০ সিসি রয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সুজন ইসলামের বিরুদ্ধে দিনাজপুরের বীরগঞ্জ থানায় একটি চুরির মামলা রয়েছে। অপরদিকে আব্দুল আজিজের বিরুদ্ধে নীলফামারীসহ বিভিন্ন থানায় মোট ১৭টি চুরির মামলা রয়েছে।
একই অভিযানে নীলফামারীর কিশোরগঞ্জ থানার কুখ্যাত ভ্যানচোর ও একাধিক মামলার পলাতক আসামি মো. লাজু মিয়া (৩০)কে সদর উপজেলার কাদিখোল ঢেলাপীর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় তিনটি জিআর পরোয়ানা মুলতবি রয়েছে। এছাড়া বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ১১টি চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিন আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা মোটরসাইকেল চোর ও অন্যান্য চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

