নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় পৌরসভার কনফারেন্স রুমে আয়োজিত বাজেট অধিবেশনে এ বাজেট ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ২৭ কোটি ৫৫ লাখ ৫ হাজার ৩১০ টাকা ৪৯ পয়সা। এর মধ্যে রাজস্ব খাতে ৫ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা এবং উন্নয়ন খাতে ১৭ কোটি ৯৫ লাখ টাকা আয় ধরা হয়েছে।
অন্যদিকে মোট ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৪ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা। এর মধ্যে রাজস্ব ব্যয় ৫ কোটি ৯৭ লাখ ৬৫ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ১৭ কোটি ৯৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজেট অধিবেশনে বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন, পৌর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ, পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা ওমর ফারুক, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য মো. রফিকুল ইসলাম বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু, পিকেএসএস-এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ এবং কসমস-এর নির্বাহী পরিচালক মেহেনাজ মালাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বাজেটে অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে রাস্তা নির্মাণ ও সংস্কার, সেতু, কালভার্ট ও ড্রেন নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু ও মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সড়কবাতি উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

