নীলফামারীতে গৃহবধূ ধর্ষণ ও হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

0
182
নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণের পর হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :


নীলফামারীতে আকলিমা খাতুন (২১) নামের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়াউদ্দিন মাহমুদ এ রায় ঘোষণা করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দণ্ডপ্রাপ্তরা হলেন—সৈয়দপুরের কামারপুকুর কাঙ্গালুপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে আনোয়ারুল হক (৩৫) এবং মতিয়ার রহমানের ছেলে ছামিউল ইসলাম শুভ (২৫)।

এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে আকলিমা খাতুন ২০২০ সালের ১৫ আগস্ট স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি সৈয়দপুরে চলে আসেন। পরে তালাকনামা পাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ২২ আগস্ট ভোরে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে খোঁজ শুরু করেন। কিছুক্ষণ পর মৎস্য খামারের পেছনের জমিতে বৈদ্যুতিক খুঁটির পাশে তার মরদেহ পাওয়া যায়।

তদন্তে পুলিশ জানতে পারে, অভিযুক্ত দুই যুবক সংঘবদ্ধভাবে আকলিমাকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে যায়।

মামলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো জানান, মামলার ১৪ জন সাক্ষীর জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। তিনি বলেন, এ রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here