কুড়িগ্রাম প্রতিনিধি :
দীর্ঘদিনের বৈষম্যের প্রতিবাদে এবং ৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১ ডিসেম্বর ২০২৫ থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন। বাসমাশিস কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কর্মবিরতির কারণে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়সহ জেলার সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
শিক্ষকদের উত্থাপিত ৪ দফা দাবি হলো—
১. সহকারী শিক্ষক পদকে ৯ম গ্রেডের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করা।
২. বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নিশ্চিত করা।
৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড প্রদান।
৪. ২০১৫ সালের নিয়ম অনুযায়ী অগ্রিম বর্ধিত বেতন সুবিধা পুনর্বহাল।
শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলতে থাকবে। তারা বলেন, দীর্ঘদিনের বৈষম্য দূর করতে সরকারকে দ্রুত সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হবে।
অন্যদিকে, টানা কর্মবিরতির প্রভাবে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে শিক্ষাকার্যক্রম। সমাপনী পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, এবং অভিভাবকরা শিক্ষার ক্ষতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এই বাংলা/এমএস
টপিক

