বিশেষ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে উপকূলীয় ও নদীতীরবর্তী দুর্গম এলাকায় শান্তি ও শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড মোতায়েন রয়েছে। মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
বাংলাদেশ কোস্ট গার্ড দেশের বিস্তীর্ণ সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও নদীতীরবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছে। নিয়মিত অভিযান ও নজরদারির মাধ্যমে দুর্গম দ্বীপ ও উপকূলবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছে বাহিনীটি।
কোস্ট গার্ড জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী দায়িত্ব পালন করছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দায়িত্বাধীন উপকূলীয় ও নদীতীরবর্তী গুরুত্বপূর্ণ ও দুর্গম এলাকার ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
ইতোমধ্যে কোস্ট গার্ড পূর্ব জোনের সদস্যরা চট্টগ্রাম–২ আসনের সন্দ্বীপ, কক্সবাজার–২ ও ৪ আসনের কুতুবদিয়া ও সেন্ট মার্টিন দ্বীপে মোট ১২২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখতে বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ, নিয়মিত টহল এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় কোস্ট গার্ড। দুর্গম এলাকার ভোটকেন্দ্রগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করতে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর যোগাযোগব্যবস্থা স্থাপন করা হয়েছে।
এ ছাড়া উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের জাহাজ ও উচ্চগতির বোটের মাধ্যমে নজরদারি অব্যাহত রয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) ও ডাইভিং টিম মোতায়েনের প্রস্তুতিও রাখা হয়েছে।
নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চালানো পৃথক অভিযানে এখন পর্যন্ত ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫১ রাউন্ড তাজা গোলা, ১১ রাউন্ড তাজা কার্তুজ, ১৭টি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এসব অভিযানে আগ্নেয়াস্ত্র তৈরির দুই কারিগরসহ সাতজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের দাবি, এসব অভিযানের ফলে নির্বাচনী এলাকাগুলোতে ভোটবান্ধব পরিবেশ তৈরি হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়েও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
একই সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহায়তা দিয়ে কোস্ট গার্ড পূর্ব জোনের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরিতে বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়েছে।
কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ (জি), বিসিজিএম, পিএসসি, বিএন এ বিষয়ে ব্রিফিং প্রদান করেন।
এই বাংলা/এমএস
টপিক

