নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ হবিগঞ্জ ও সরাইল অঞ্চলের দীর্ঘদিনের প্রত্যাশিত আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়েছে। প্রকল্পটির জন্য সরকার ৬১৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।
হবিগঞ্জ–নাসিরনগর–সরাইল আঞ্চলিক মহাসড়কের এ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পাশাপাশি ঢাকা–সিলেট রুটে যাতায়াত দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার কমে যাবে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, লাখাই–নাসিরনগর সীমান্তের বলভদ্র নদীর ব্রিজ থেকে হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করা হবে। প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৬১৮ কোটি টাকা। এর মধ্যে সড়ক নির্মাণে ৩৯৬ কোটি টাকা, ভূমি অধিগ্রহণে ২১৯ কোটি ১৪ লাখ টাকা এবং বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইন স্থানান্তরে ২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রকল্পটি চারটি পৃথক প্যাকেজে বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, অতীতে বিভিন্ন জটিলতার কারণে প্রকল্পটি কয়েক দফা আটকে যায় এবং এক পর্যায়ে বাতিলের প্রস্তাবও ওঠে। পরে স্থানীয় আন্দোলন ও দাবির প্রেক্ষিতে প্রকল্পটি পুনরায় গুরুত্ব পায়।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, সড়কটি চার লেনে উন্নীত হলে ব্যবসা-বাণিজ্য, কৃষি ও শিল্প খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।
প্রকল্পের অগ্রগতি প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান, সরকারের অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করার পরই বরাদ্দ অনুমোদন দেওয়া হয় এবং দ্রুত কাজ শুরুর প্রস্তুতি চলছে।

