নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের বড়ইউড়ি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর, গবাদিপশু ও মূল্যবান সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্দশার মধ্যে পড়েছে।
শনিবার (১৩ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার বড়ইউড়ি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পল্লী বিদ্যুতের লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা সঞ্চয় দেবনাথের বাড়িতে প্রথম আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ঘরে থাকা তিনটি গরু, ধান-চাল, বিভিন্ন কৃষিপণ্য, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, নগদ অর্থসহ দীর্ঘদিনের সঞ্চিত সম্পদ আগুনে পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অগ্নিকাণ্ডের সময় পাশের বাড়িগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। এতে আরাধন দেবনাথ এবং রাজেন্দ্র দেবনাথের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের সর্বস্ব পুড়ে গেছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। তারা সরকার, প্রশাসন এবং সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেছেন।
ঘটনার পর এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং জরুরি আর্থিক সহায়তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

