নাসিরনগরে ফেরিওয়ালা শাহীন হত্যাকাণ্ড: প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

0
370
নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ফেরিওয়ালা শাহীন ভূঁইয়া হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি মিজানুর রহমান মির্জালী (৪৯)কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-৯-এর সিপিসি-১ ইউনিট বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এর আগে একই মামলায় আরও দুই আসামি—মোহাম্মদ জুনায়েদ (২৫) ও রোমান মিয়া (২৮)—গত ৬ জানুয়ারি গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে গ্রেপ্তার হন।

স্থানীয় ও তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাসিরনগর উপজেলার ফেদিয়ারকান্দি গ্রামের এক শিশুর রুপার চেইন হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে ফেরিওয়ালা শাহীন ভূঁইয়ার বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘটনার দিন ২১ ডিসেম্বর ২০২৫ তাকে কৌশলে একটি বাড়িতে ডেকে নিয়ে আটকে রাখা হয় এবং সেখানে নির্মমভাবে নির্যাতন করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে দেওয়া হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তুচ্ছ অভিযোগকে কেন্দ্র করে সংঘটিত এই নৃশংস ঘটনার খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

নিহত শাহীনের বাবা গত ২৪ ডিসেম্বর নাসিরনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের অবস্থান শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত প্রধান আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here