নাসিরনগরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন, উন্নয়ন ও জনসেবায় গুরুত্বারোপ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দিনব্যাপী পরিদর্শন ও মতবিনিময় কর্মসূচি পালন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ। এ সময় তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ভূমি অফিস এবং নদীভাঙন প্রতিরোধ কার্যক্রম পরিদর্শন করেন।

মঙ্গলবার (৯ জুন) সকালে তিনি নাসিরনগর উপজেলার চাতলপাড় বাজার সংলগ্ন নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করেন। ভাঙন রোধে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, কার্যকারিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের মতামত ও প্রত্যাশার বিষয়গুলো শোনেন এবং টেকসই সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরে জেলা প্রশাসক চাতলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সরকার পরিচালিত মিড-ডে মিল কর্মসূচিও তদারকি করেন।

এরপর তিনি চাতলপাড় ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে ভূমি সেবার মান, রেকর্ড সংরক্ষণ এবং নাগরিকদের সেবা প্রাপ্তির বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। জনগণকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

একই দিনে তিনি চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় এবং চাতলপাড় ইউনিয়ন পরিষদও পরিদর্শন করেন। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, অবকাঠামো এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সেবামূলক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দিনব্যাপী কর্মসূচির শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবু সাঈদ উপজেলার আইন-শৃঙ্খলা, জনসেবা, শিক্ষা, কৃষি, মাদক প্রতিরোধ ও বাল্যবিবাহ নিরসনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী কার্যক্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বক্তব্য দেন নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহিনুল আরিফিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন এবং নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রমজান আলী।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, জনসেবার মানোন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here