নাটোর প্রতিনিধি :
নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল শনিবার দুপুরে নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় বিলে কৃষকের ধান কেটে সহযোগিতা করেন। শ্রমিক সংকটে বিপাকে পড়া স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দুপুর ১২টার দিকে কৃষক মোশারফ হোসেনের জমিতে ধান কাটার মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করেন তিনি। মাঠে ধান কাটায় অংশ নেন যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান বলেন,
“ধান কাটার মৌসুমে শ্রমিক পাওয়া খুব কঠিন। শ্রমিক সংকটের কারণে অনেক কৃষকের পাকা ধান নষ্ট হওয়ার উপক্রম। পুতুল আপা আমাদের সঙ্গে এসে ধান কাটায় অংশ নিয়েছেন। আমরা বিভিন্ন স্থানের কৃষকদের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিচ্ছি।”
কৃষক মোশারফ হোসেন বলেন, “জমির ধান পাকলেও শ্রমিক না পাওয়ায় ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। হঠাৎ পুতুল আপা ফোন করে জানালেন—ছাত্রদল–যুবদলের কর্মীরা ধান কেটে দেবে। আজ তারা এসে আমার এক একর জমির সব ধান কেটে মাড়াই করে দিয়েছে। এজন্য তাদের অনেক ধন্যবাদ।”
নাটোর-১ আসনের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, “আল্লাহর রহমতে এলাকায় এবার ধানের ফলন ভালো হয়েছে। নির্বাচনী প্রচারণায় এসে দেখেছি—অনেক কৃষক শ্রমিক সংকটে বিপাকে। তাই সিদ্ধান্ত নিয়েছি, স্বেচ্ছাসেবীভাবে কৃষকদের ধান কেটে দেব। আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিলেই কৃষকদের পাশে দাঁড়াচ্ছে।”
এই বাংলা/এমএস
টপিক

